INFO Breaking
Live
wb_sunny

Breaking News

মক্কা–মদিনায় অসহায় ৩৫০০ বাংলাদেশি ওমরাহ যাত্রী, টাকা শেষ—দেশে ফেরার পথও বন্ধ

মক্কা–মদিনায় অসহায় ৩৫০০ বাংলাদেশি ওমরাহ যাত্রী, টাকা শেষ—দেশে ফেরার পথও বন্ধ


পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছেন তিন হাজার পাঁচশোর বেশি বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে হঠাৎ একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় মক্কামদিনা শহরে কার্যত আটকা পড়ে আছেন তারা।

অনেকের হাতে নেই থাকার বা খাবারের টাকা। প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় ট্রাভেল এজেন্সিগুলোও আর দায়িত্ব নিচ্ছে না। ফলে কেউ হোটেলের বিল দিতে পারছেন না, কেউ আবার খাবারের টাকাও জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।

ভুক্তভোগী যাত্রীরা জানান, দেশে ফেরার জন্য তাদের আগের টিকিট বাতিল হয়ে গেছে। নতুন টিকিট কাটতে এখন গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০ থেকে ৬০ হাজার টাকা—যা অনেকের পক্ষেই সম্ভব নয়। ফলে পবিত্র নগরীতেই অনিশ্চয়তা আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের।

বাংলাদেশ হজ মিশন-এর মক্কা কার্যালয়ের প্রধান কনসাল কামরুল ইসলাম বলেন, অনেক যাত্রীর টিকিট বাতিল হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। প্রতিদিনই অসহায় যাত্রীরা হোটেল বিল ও খাবারের সংকটের কথা জানিয়ে মিশনে এসে সহায়তা চাইছেন।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ নিয়মে ফ্লাইট বাতিল হলে এয়ারলাইন্স যাত্রীদের টাকা ফেরত দেয়। তবে সেই প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় আপাতত আটকে পড়া অনেক যাত্রীকে নতুন টিকিট কিনেই দেশে ফিরতে হচ্ছে।

এদিকে প্রবাসে এমন অনিশ্চয়তার মধ্যে থাকা এসব ওমরাহ যাত্রী দ্রুত দেশে ফিরতে সরকারের জরুরি উদ্যোগ ও সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা—দুর্ভোগের এই সময়টাতে কেউ যেন পাশে দাঁড়ায়। 

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর