নেপালের নির্বাচনে এগিয়ে র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ
নেপালে সাধারণ নির্বাচনের ভোট গণনা এখনো চলমান। তবে প্রাথমিক ফলাফলে র্যাপার থেকে রাজনীতিতে আসা তরুণ নেতা বালেন্দ্র শাহ বেশ ব্যবধানে এগিয়ে আছেন। এতে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
শনিবার সকাল পর্যন্ত গণনা করা ভোটে দেখা গেছে, শাহের নেতৃত্বাধীন মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি নেপালি।
অন্যদিকে নেপালি কংগ্রেস অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তৃতীয় অবস্থানে রয়েছে সিপিএন-ইউএমএল। নেপালের ভৌগোলিক অবস্থার কারণে ভোট গণনা প্রক্রিয়া ধীরগতির হওয়ায় চূড়ান্ত ফল প্রকাশ হতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ব্যালট সংগ্রহ করতে অনেক সময় হেলিকপ্টারও ব্যবহার করতে হয়।
বালেন্দ্র শাহ কে?
৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ স্থানীয়ভাবে ‘বালেন’ নামে পরিচিত। তিনি পেশায় একজন অবকাঠামো প্রকৌশলী এবং দীর্ঘদিন নেপালের হিপ-হপ সংগীত অঙ্গনে সক্রিয় ছিলেন। সামাজিক বার্তাধর্মী তার বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘বালিদান’ গানটি ইউটিউবে মিলিয়ন ভিউ অর্জন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে গত বছরের বিক্ষোভে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ে। ওই আন্দোলনে ৭৭ জন নিহত হন। ঘটনার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী কেপি ওলি পদত্যাগ করতে বাধ্য হন।
শাহ বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন দেন এবং এক পর্যায়ে কেপি ওলিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন। যদিও তার এমন বক্তব্য নিয়ে সমালোচকদের মধ্যে প্রশ্ন ওঠে—দেশ পরিচালনার জন্য তিনি কতটা প্রস্তুত।
কাঠমাণ্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে শহরের সড়ক পরিষ্কার রাখা এবং অবৈধ ব্যবসা দমনে কঠোর অবস্থান নেন তিনি। এ সময় হকার ও ভূমিহীনদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ায় মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখেও পড়েন।
নির্বাচন পদ্ধতি
নেপালে পার্লামেন্টের মোট ২৭৫ সদস্য নির্বাচিত হন দুই ধরনের পদ্ধতিতে—সরাসরি ভোট এবং আনুপাতিক প্রতিনিধিত্ব। এর মধ্যে ১৬৫ জন সদস্য ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে নির্বাচিত হন এবং বাকি ১১০ জন নির্বাচিত হন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের শতাংশের ভিত্তিতে।
প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার এ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের হার প্রায় ৬০ শতাংশ হতে পারে।

