বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

পুলিশ সদস্য হত্যার অভিযোগে আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করার আবেদন, গ্রহণ করেননি আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করা হয়। শুনানি শেষে আদালত মামলার আবেদনটি আমলে নেননি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলার আবেদন করেন জালাল হোসেন নামে এক ব্যক্তি। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাংগিরাই গ্রামের বাসিন্দা।
অভিযোগপত্রে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়টি পর্যালোচনা শেষে আদালত মামলাটি গ্রহণ না করার সিদ্ধান্ত দেন।
এদিকে একই দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে বক্তব্য দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “এখান থেকেই বাংলাদেশ আজ দুটি ভাগে বিভক্ত হবে—একটি ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি ফ্যাসিবাদের বিপক্ষে। সংসদে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন।”
এরপর সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন তিনি। ইংরেজিতে তিনটি শব্দে লেখা সেই স্ট্যাটাস—“Chuppu Must Go”—দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে ছাত্র প্রতিনিধিদের একজন হিসেবে উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি প্রথমে শ্রম মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও পান।
সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership