মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট হবে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরকারের কাছে মজুত আছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে। কিছু গুজবও আছে। অনেকেই একাধিকবার জ্বালানি তেল নিয়ে মজুত করার চেষ্টা করছে। বিষয়টি প্রশাসনকে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত পুলিশ ও র্যাবের। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অপরাধীরা পুলিশকে ভয় পায় না। এ অবস্থার পরিবর্তন জরুরি। পুলিশকে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাজনৈতিক দলগুলো পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না, বরং সহযোগিতা করবে।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ফুলবাড়ীয়ার সংসদ সদস্য কামরুল হাসন মিলন, গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ফুলপুর আসনের সংসদ সদস্য মাহমুদুল্লাহ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
