সোমবার, ৯ মার্চ, ২০২৬

টাঙ্গাইলে প্রতিদিন তিন শতাধিক মানুষের জন্য বিনা মূল্যে ইফতার

 



রোজার মাসজুড়ে টাঙ্গাইল শহরের টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিদিন তিন শতাধিক মানুষের জন্য বিনা মূল্যে ইফতারের আয়োজন করা হচ্ছে। মানবিক এই উদ্যোগ নিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণী এবং বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয় ১৯৯২ ব্যাচ-এর শিক্ষার্থীরা।

প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকেই শহীদ মিনার চত্বরে শুরু হয় প্রস্তুতি। স্বেচ্ছাসেবকেরা সারি সারি প্লেটে ছোলা, পেঁয়াজু, মুড়ি, ডিম, বেগুনি ও খেজুর সাজান। কেউ তৈরি করেন শরবত, আবার কেউ রোজাদারদের বসার জন্য মাদুর বিছিয়ে দেন। ধীরে ধীরে সেখানে জড়ো হন রিকশাচালক, শ্রমজীবী, পথচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার করেন।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এই আয়োজন করে আসছে আয়োজকেরা। প্রতিদিন প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ মানুষ এখানে ইফতার করেন। সাধারণ ইফতারের পাশাপাশি সপ্তাহে দু–এক দিন খিচুড়ি ও মাংসের ব্যবস্থাও রাখা হয়। প্রতিদিনের সাধারণ ইফতারে প্রায় ২৫ হাজার টাকা এবং খিচুড়ির দিনে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয় হয়, যা সংগঠনের সদস্যদের চাঁদার মাধ্যমেই সংগ্রহ করা হয়।

ইফতার করতে আসা এক রিকশাচালক জানান, বিনা মূল্যে এমন আয়োজন থাকায় তাঁদের মতো নিম্নআয়ের মানুষ সহজেই ইফতার করতে পারেন। স্থানীয় শিক্ষাবিদরাও এই উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলে মনে করছেন।

আয়োজকেরা জানান, ইফতার আয়োজনের পাশাপাশি বন্যা, শীতসহ বিভিন্ন দুর্যোগেও তাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং ঈদের সময় দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করে থাকেন।


শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership