ভুয়াপুর
টাঙ্গাইলে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় স্বামীর ‘আ*ত্ম*হ*ত্যা’
টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ ঘরে এখলাছ উদ্দিন (৩৫) নামে এক যুবক ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। এখলাছ তিন সন্তানের বাবা।বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার চর অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে দুপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।
এখলাছ উপজেলার অলোয়া ইউনিয়নে চর অলোয়া গ্রামের সোহরাব আলী মুন্সীর ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।পরিবার ও স্থানীয়রা জানান, এখলাছ উদ্দিন মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া ৪-৫ মাস আগে স্ত্রীর সঙ্গে তার ছোট ভাইয়ের ঝগড়ার ঘটনা ঘটে এবং মামলা হয়। পরে এখলাছের তিন সন্তান নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান।
স্ত্রী চলে যাওয়ায় এখলাছ আরও হতাশায় ভোগেন।বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় তার মা খাবারের জন্য ডাকতে গেলে দেখতে পান ঘরে ধর্ণার সঙ্গে ঝুলে আছেন। পরে তার মা চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে ঘরের ধর্ণায় ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি নিচে নামায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী জানান, স্থানীয়দের মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং মরদেহের সুরতাহল শেষে থানায় নিয়ে আসা হয়। পরে বিকেলে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্ত্রী বাড়ি না থাকায় হতাশায় হয়ত সে আত্মহত্যা করেছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন