টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, টাঙ্গাইল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত কালিহাতী থানার থানাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন। অভিযানের একপর্যায়ে থানাপাড়া এলাকার হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া স্বপন সাহা (৪৫)-এর নিজ দখলীয় বসতঘর ও ব্যক্তিগত দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচরে রাখা একটি পলিথিনে মোড়ানো ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক স্বপন সাহা উপজেলার খিলদা গ্রামের মৃত কানাই লাল সাহার ছেলে। বর্তমানে তিনি কালিহাতী থানাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন