রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভাইরাল ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত আটক

মিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে গতকাল শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর বাজারের একজন পাহারাদার ঘটনাস্থলে এসে ওই নারীকে দেখতে পান। ভিডিও বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা খোকনকে শনাক্ত করে। স্থানীয়দের দাবি, খোকন এলাকায় একজন চিহ্নিত জুয়াড়ি এবং জুয়া পরিচালনার সঙ্গে জড়িত।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা শেষে আজ রোববার তাকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত, তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership