INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বড়চওনা বাজারের জমি রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ

সখীপুরে বড়চওনা বাজারের জমি রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সখীপুরে বড়চওনা বাজার, মসজিদ, হাসপাতাল ও পুকুরের জমি রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বড়চওনা বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বড়চওনা বাজার মসজিদের মুসল্লি, বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

জানা যায়, বড়চওনা বাজার এলাকায় জমির দাগ ও খতিয়ান পরিবর্তন করে প্রায় ২ একর ৮০ শতাংশ জমি জালিয়াতির অভিযোগ উঠেছে আবদুল মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, জমিটির প্রকৃত মালিক নদীরাম কোচের ছেলে বোচা কোচ। বর্তমানে ওই জমিতে বড়চওনা বাজার জামে মসজিদ, উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিট গোডাউন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।


বক্তারা অভিযোগ করে বলেন, আবদুল মান্নান জালিয়াতির মাধ্যমে নিজের নামে জমির রেকর্ডভুক্ত মালিকানা দাবি করছেন। তার বাড়ি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে। তিনি সম্প্রতি ঢাকার ভূমি রেকর্ড অফিস এবং টাঙ্গাইল জেলা প্রশাসককে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন। 

মামলায় তিনি উল্লেখ করেন, জরিপের সময় ভুলবশত তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত হয়নি। তবে এলাকাবাসীর দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বড়চওনা মৌজার জমিটির এসএ খতিয়ান নম্বর ২৬৪ এবং দাগ নম্বর ১১/১২-তে প্রকৃত মালিক হিসেবে বোচা কোচের নাম রয়েছে। তবে অভিযোগ রয়েছে, একই খতিয়ান রেখে দাগ নম্বর পরিবর্তন করে ১১/১২ এর পরিবর্তে ৪৮/৩২৯ করা হয়েছে এবং সেখানে বোচা কোচের স্থলে আবদুল মান্নানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, ৪৮/৩২৯ দাগে বর্তমানে মসজিদ, উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বিদ্যালয়, সিট গোডাউন ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এসব স্থাপনা রক্ষায় তারা ঐক্যবদ্ধ বলে জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, “আমি কোনো ব্যক্তির নামে মামলা করিনি। জেলা প্রশাসক ও বন বিভাগের বিরুদ্ধে মামলা করেছি। আইনিভাবে জমি পেলে পাব, না পেলে আমার কোনো দাবি থাকবে না।”
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর