সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জিয়াউর রহমানের শুরু করা খালে নতুন প্রাণ: উদ্বোধনে তারেক রহমান


 দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় সোমবার সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুই পাশে ভিড় করেন শিশু-কিশোর, নারী-পুরুষ ও বৃদ্ধরা। তারা হাত নেড়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সাহাপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। ১২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির সূচনা করা হয়। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয়দের কাছে এই কর্মসূচির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রায় পাঁচ দশক আগে, ১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই সাহাপাড়া খাল খননের কাজ শুরু করেছিলেন। সেই স্মৃতি তুলে ধরে ৭৪ বছর বয়সী কুলসুম বেগম বলেন, “শহীদ জিয়া তখন মানুষজনকে নিয়ে স্বেচ্ছাশ্রমে খাল কাটার কাজ করেছিলেন। আজ তার ছেলে সেই পথই অনুসরণ করছেন।”

এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের বলরামপুর সাহাপাড়া এলাকায় যান। পথে স্থানীয়রা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অবহেলার কারণে বেহাল অবস্থায় ছিল। শিউলী খাতুন নামে এক গৃহবধূ বলেন, “খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা কমবে এবং পানিপ্রবাহ স্বাভাবিক হবে।”

খালটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা পুনর্ভবা নদীর সঙ্গে সংযুক্ত। নদীর পানি ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে প্রবেশ করে পরে মহানন্দা নদীতে গিয়ে মিশে যায়। খালটি পুনঃখনন হলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, মাছ চাষ ও হাঁস-পালনের মতো খালনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয় শিক্ষার্থী আল আমিন বলেন, “খালে পানি থাকলে মাছ চাষ করা যাবে, দুই পাড়ে গাছ লাগালে সবুজ বনায়ন হবে। এতে গ্রামের পরিবেশও উন্নত হবে।”

স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একটি খাল পুনঃখনন প্রকল্প নয়; বরং এটি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সঙ্গে ইতিহাসের একটি ধারাবাহিকতাকেও তুলে ধরছে।


শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership