INFO Breaking
Live
wb_sunny

Breaking News

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১২

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১২

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বরযাত্রী বেশি আসা এবং পানি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।


বর ও কনের স্বজনরা জানান, চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে কামাল হোসেনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যায়। ১৩০ জন বরযাত্রীর যাওয়ার কথা থাকলেও কনে পক্ষ দাবি করেন অনেক বেশি মেহমান এসেছেন। ফলে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে।

এর মধ্যে বরের ভগ্নিপতি নাসিরকে পানি দিতে দেরি হলে বরযাত্রীগন ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করেন। এতে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের মানাতে গিয়ে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতীবেশি রাসেল, ইমন, ও বরের আত্মীয় রাসেল, পারভীনসহ ১২জন আহত হন। 

এদের মধ্যে রাসেল, জহির, পারভীন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার উপপরিদর্শক আবদুল হান্নান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমরা বিয়ে বাড়ি পরিদর্শন করেছি। তৃতীয় দফা খাওয়া শেষে চতুর্থ দফার সময় পানি দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর ও কনের বাবাসহ উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে । উভয় পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার আশ্বাস দিয়েছেন ।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর