মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ইয়াবাসক্ত ছেলের পিটুনিতে বাবা নিহত

 


ওগাঁয় মাদকাসক্ত ছেলের মারপিট ও ইটের আঘাতে মাহতাব সরকার (৬২) নামে এক রিকশাচালক বাবার মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দিনগত রাতে নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন সরকার পলাতক রয়েছেন।


থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মাহতাব সরকারের ছেলে সুমন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে ঝগড়া ও অশান্তি সৃষ্টি করতেন। সুমনের এই মাদকাসক্তির কারণে টিকতে না পেরে গত এক বছর আগে তাকে ছেড়ে তার স্ত্রী সুমা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিয়ে চলে যান। কয়েকদিন আগে সুমা ঢাকা থেকে বনানীপাড়ার বাড়িতে ফিরলে সুমনের সঙ্গে আবারও ঝগড়া-বিবাদ হয়।

রোববার দিনগত রাত ১২টার দিকে সুমন রাগ করে তার বাবা মাহতাব সরকারের পাশে এসে শুয়ে পড়েন। দীর্ঘ সময় সুমনের ঘুম না আসায় বাবা মাহতাব সরকার পরম স্নেহে দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে সুমন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি তার বাবার হাত ধরে জোরপূর্বক ঘর থেকে বের করে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে বাবার শরীরে এলোপাতাড়ি আঘাত করার পর ভারি ইট দিয়ে মাথায় আঘাত করেন। ইটের আঘাতে গুরুতর জখম হয়ে মাহতাব সরকার ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে সুমন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে আজ সোমবার (৬ জুলাই) সকালে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই আফতাব উদ্দিন সরকার বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership