মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রাথমিক শিক্ষক পদায়ন ও বদলিতে চার স্তরের কমিটি গঠন



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা/থানা পর্যায়ে এসব কমিটি কাজ করবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। কমিটির সদস্য থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।

জাতীয় কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে। সভায় সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে। পরে সভার কার্যবিবরণী ও বিস্তারিত প্রতিবেদন মন্ত্রীর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের বদলির আবেদন যাচাই-বাছাই শেষে কমিটির অনুমোদনের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারি করবেন।

এছাড়া বিভাগীয় পর্যায়েও পৃথক কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনারকে সভাপতি করে গঠিত ‘আন্তঃবিভাগ প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ একই বিভাগের মধ্যে, সিটি করপোরেশন এলাকা ছাড়া, শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি করবে। এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), দুইজন গণ্যমান্য ব্যক্তি এবং বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা)।

জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে একই জেলার ভেতরে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে কমিটির অনুমোদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।

উপজেলা বা থানা পর্যায়েও পৃথক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুইজন গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একই উপজেলা বা থানার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও অনুমোদনের দায়িত্ব পালন করবে এ কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে আগে প্রতিস্থাপন সাপেক্ষে শিক্ষকদের বদলির আদেশ দেওয়া হয়েছে, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি কমিটিকে নিয়মিত সভা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কার্যবিবরণী ও প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদায়ন ও বদলি কার্যক্রমে আরও স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership