INFO Breaking
Live
wb_sunny

Breaking News

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 


আসন্ন পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে টাঙ্গাইলে কৃষকদের জন্য ‘কৃষিকার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

শনিবার (১৪ মার্চ) বিকেলে টাঙ্গাইল শহরের উদ্যান কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেন সাংবাদিকরা। সমাজের নানা অনিয়ম, অসঙ্গতি ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে গিয়ে তারা প্রায়ই পরিবারের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন না।

তিনি আরও বলেন, “আমরা টাঙ্গাইলকে একটি আধুনিক জেলায় রূপ দিতে চাই। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে এই জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য পূরণে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্য ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম এবং প্রবীণ সাংবাদিক ওয়াহেদুজ্জামান মতি প্রমুখ।

এ সময় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর