সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঈদ সামনে: সখীপুরের মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়, ইফতারের পর বাড়ছে কেনাকাটা

 


পবিত্র Eid al-Fitr সামনে রেখে টাঙ্গাইলের সখীপুর শহরের মার্কেট ও বিপণিবিতানগুলোতে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটে চলছে জমজমাট কেনাকাটা। বিশেষ করে ইফতারের পর থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারগুলোতে ক্রেতাদের ঢল বাড়ছে, সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শহরের শামীম টাওয়ার, খান মার্কেট, পোড়া মার্কেট, আজিজ মার্কেট, শিকদার শপিং কমপ্লেক্স, সূর্য জ্যোতি শপিং কমপ্লেক্স, এস.আর শপিং মল এবং নিজুম ফ্যাশন শপিং মল–এ এখন তিল ধারণের ঠাঁই নেই। ফুটপাতের ছোট দোকান থেকে শুরু করে বড় বড় শপিং কমপ্লেক্স—সব জায়গাতেই ভিড় জমিয়েছেন ক্রেতারা। অধিকাংশ মানুষের হাতেই দেখা যাচ্ছে নতুন পোশাক ও বিভিন্ন ব্র্যান্ডের শপিং ব্যাগ।

ব্যবসায়ীরা জানান, চাকরিজীবীরা বেতন-বোনাস হাতে পাওয়ায় এবং ব্যবসায়ীদের লেনদেন বাড়ায় রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঈদের কেনাকাটা জমে উঠেছে। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ক্রেতার সংখ্যা।

শিশু থেকে শুরু করে নারী-পুরুষ—সব বয়সী মানুষ নতুন পোশাক, জুতা, প্রসাধনী ও ঈদ উপলক্ষে প্রয়োজনীয় নানা সামগ্রী কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। বিশেষ করে তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে দেশি-বিদেশি রেডিমেড থ্রি-পিস, পাঞ্জাবি এবং নতুন ডিজাইনের পোশাক।

এদিকে শহরের দর্জি দোকানগুলোতেও ব্যস্ততা বেড়েছে। অনেকেই নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক বানাতে থান কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন।

শামীম টাওয়ারের এক পোশাক ব্যবসায়ী বলেন, “রমজানের শুরুতে বিক্রি কিছুটা কম ছিল। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে ইফতারের পর থেকে রাত পর্যন্ত ভালো বিক্রি হচ্ছে।”

আরেক ব্যবসায়ী জানান, এবার ভারতীয় ও পাকিস্তানি ডিজাইনের পোশাকের পাশাপাশি দেশীয় উন্নতমানের সুতি কাপড়ের চাহিদাও বেশ ভালো। তরুণ-তরুণীরা নতুন ডিজাইনের পোশাক বেশি খুঁজছেন।

ক্রেতারাও ঈদের কেনাকাটায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। এক ক্রেতা বলেন, “ঈদ সামনে রেখে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছি। বাজারে অনেক নতুন নতুন পোশাক এসেছে, তাই কেনাকাটাও বেশ ভালো লাগছে।”

ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ মার্কেট ও জনসমাগমস্থলে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই সখীপুর শহরের মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরা আশা করছেন, শেষ সপ্তাহে কেনাকাটার চাপ আরও বাড়বে।


শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership